প্রকাশিত: Sat, Jan 21, 2023 11:46 AM
আপডেট: Fri, Jun 12, 2026 12:45 PM

রোহিঙ্গাদের প্রতি উদারতা দেখালেও নিরাপত্তা ইস্যুতে ছাড় নয়: প্রতিমন্ত্রী

তরিকুল ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর পারস্পরিক সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। দিন দিন এ সংকট আরো জটিলতার দিকে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সমস্যা মোকাবেলা ও অপরাধমূলক কর্মকাণ্ড সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তায় আমরা কোনো সমঝোতা করবো না। মানবতার ক্ষেত্রে উদারতা দেখালেও কখনোই নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না বাংলাদেশ।  

শনিবার রাজধানীর ওয়েস্টিন হেটেলে ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা: অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা প্রশ্নে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা খর্ব করা যাবে না। সব সমস্যার সমাধান হয়, শুধু রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা সেভাবে হয় না। এত ব্যয়ের বোঝা বাংলাদেশের বহন করা আর সম্ভব নয়। সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে রেখেছেন। সে মতেই এ সংকটের সমাধানের পথে হাঁটতে হবে। যেকোনো আলোচনার জন্যে আমরা এখনো দ্বার খুলে রেখেছি। 

তিনি বলেন, বাংলাদেশ নিয়মতান্ত্রিক সমুদ্র বাণিজ্য, বিনিয়োগ বাড়াতে সব সময় বদ্ধপরিকর। প্যাসিফিক অঞ্চলে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকুক এটা বাংলাদেশের প্রত্যাশা। এ অঞ্চলে দুই তৃতীয়াংশ বাণিজ্য ভারত মহাসাগর কেন্দ্রিক। গঠনতান্ত্রিকভাবে সব আঞ্চলিক সংগঠনের সঙ্গে মিলেমিশে এগুচ্ছে বাংলাদেশ। এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। খুব শিগগিরই আমাদের নিজস্ব স্ট্রাটেজি গড়ে উঠবে। বাংলাদেশ এখনো মুক্তবাণিজ্যের চুক্তিতে যেতে রাজি হলেও সব সময় নিজের স্বার্থকেন্দ্রিক দর কষাকষির পক্ষে।  

বাংলাদেশের মতো দেশগুলোকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নতুন করে ভাবাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব